Saturday, June 27, 2026


শেষবারের মতো মঞ্চে জাদুকর

আসলে গোল করছেন না, সময়কে হারাচ্ছেন

২৭ জুন- ডালাসে পেনাল্টি স্পটে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। সারা কেরিয়ারে এমন মুহূর্ত তাঁর অসংখ্যবার এসেছে। আলো, ক্যামেরা, প্রত্যাশা। কিন্তু এবার যেন অন্যরকম ছিল।

মাত্র কয়েক দিন আগেই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন। মিরোস্লাভ ক্লোসের গোলরেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এরপর অস্ট্রিয়ার বিরুদ্ধে সুযোগ এল এককভাবে শীর্ষে ওঠার।

তিনি পেনাল্টি মিস করলেন। পেনাল্টি পেতেই ধার করা সংলাপে ‘বগা বাইরে মার’ বলে চিৎকার করে উঠলেও, মন চাইছিল অন্য কিছু।

৩৮ বছর বয়সী মেসির মুখে তখন হতাশা। সেই দৃশ্যটাও গুরুত্বপূর্ণ। মনে হলো, আজকের মেসি আর নিখুঁত নন। তিনি্ও মানুষ। ক্লান্ত। বয়সের ভারে নূব্জ নয়, খানিক শ্লথ। তবু যেন এখনও সবচেয়ে বড়- সেরার সেরা।

ভালদানোর কথায়, “মেসি ফুটবল খেলে না, ও ফুটবলকে ব্যাখ্যা করে।”

বিশ্বকাপে এখনও মেসিরই নাম

কিলিয়ান এমবাপে গোল করছেন।

আর্লিং হালান্ডও গোল করছেন।

ভিনিসিয়াস, বেলিংহ্যাম, ইয়ামাল, ডেম্বেলে নতুন যুগের সব মুখ।

তবু বিশ্বকাপের সবচেয়ে বড় গল্প এখনও মেসি।

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল। ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১৮ গোল।

দ্য গার্ডিয়ান লিখেছে, ‘‘ফুটবলের সবচেয়ে বড় শোম্যান এখনও সবার উপরে।’’

মেসি আর আগের মেসি নন

একসময় তিনি ছিলেন বিস্ফোরণ।

এখন তিনি বিরতি।

একসময় ড্রিবল করতেন ৪০ মিটার জুড়ে।

এখন তিনি হাঁটেন।

তারপর হঠাৎ একটি পাস দেন। একটি টাচ নেন। একটি ফাঁকা জায়গা খুঁজে বের করেন।

আর খেলা বদলে যায়।

সাধে কি জর্জ ভালদানো বলেছেন, ‘‘মেসি বল পায়ে নিয়ে এমন সব কাজ করে, যা অন্যরা কেবল ভিডিও গেমে করতে পারে। তবে মেসি কখনও নিজের গুরুত্ব বোঝাতে চায় না। অথচ ওর মাঠে থাকাটাই গোটা খেলাটাকে বদলে দেয়।”

লিওনেল স্কালোনি বলেছেন, কঠিন সময়ে দল এখনও মেসির দিকেই তাকিয়ে থাকে। সতীর্থ হুলিয়ান আলভারেজের কথায়, ‘‘ওই মানুষটাকে দেখলেই আত্মবিশ্বাস ফিরে আসে।’’

পেপ গুয়ার্দিওলার কথায়, “মেসিকে দেখার সবচেয়ে ভালো উপায় হল খেলা দেখা।”

বয়সের বিরুদ্ধে শেষ লড়াই

২৪ জুন মেসির ৩৯ বছর পূর্ণ হয়েছে।

বিশ্বকাপে গোল করেছেন কিশোর বয়সে।

বিশের কোঠায়।

ত্রিশের কোঠায়।

এখন চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়েও।

ফুটবলের ইতিহাসে এমন ধারাবাহিকতা আর কই?

তাই হয়তো পেপ গুয়ার্দিওলা বলতেন, “মেসিকে বর্ণনা করার চেষ্টা করা মানে নীরবতাকে শব্দে ব্যাখ্যা করার চেষ্টা।”

শেষ অধ্যায় দেখার সুযোগ পেল আমেরিকা

২০২৬ বিশ্বকাপের অন্যতম আবেগময় দিক হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। যুবভারতীতে অধিনায়ক মেসির প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখার গরিমা তার কাছে বড়ই ঠুনকো।

তিনি বিশ্বকাপ জিতেছেন।

কোপা আমেরিকা জিতেছেন।

আটটি ব্যালন ডি’অর পেয়েছেন।

তাঁর আর কিছু প্রমাণ করার নেই।

তবু তিনি এসেছেন।

কারণ ফুটবলে বিদায়ের সময় কখনও নিজে ঠিক করা যায় না।

রোজারিওর সেই ছেলেটি

একসময় আর্জেন্টিনার রোজারিও শহরের একটা ছোট্ট ছেলেকে বলা হয়েছিল, সে হয়তো স্বাভাবিকভাবে বড় হবে না।

গ্রোথ হরমোনের চিকিৎসা দরকার।

পরিবারের পক্ষে সেই চিকিৎসার খরচ বহন করা কঠিন ছিল।

আজ সেই ছেলেটিই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আসলে মেসি কী?

মেসি এখন শুধু একজন ফুটবলার নন।

তিনি একটা গোটা স্মরণিকা।

২০০৬-এর তরুণ।

২০১৪-এর ব্যর্থ নায়ক।

২০১৬-র কান্না।

২০২২-এর বিশ্বচ্যাম্পিয়ন।

২০২৬-এর বৃদ্ধ জাদুকর।

যখন তিনি মাঠে হাঁটেন, তখন শুধু আর্জেন্টিনা নয়, গোটা ফুটবল বিশ্ব যেন নিজের অতীতকে দেখতে পায়।

২০২২ বিশ্বকাপের পরে জর্জ ভালদানো লিখেছিলেন, “মেসি ট্রফি জেতেনি, বরং ফুটবলই মেসির মাধ্যমে নিজেকে পুরস্কৃত করেছে।”

সোসাল মিডিয়ায় জর্জ বেস্টের নামে একটা উদ্ধৃতি খুবই ঘোরে— “আমি যদি গ্রেট প্লেয়ার হই, তাহলে মেসি কী?” জর্জ বেস্ট যদিও ২০০৫ সালে মারা যান। তখন মেসি সবে বার্সেলোনার প্রথম দলে ঢুকেছেন। তাই এটা কেমন যেন সেই ১৯৮৭-৮৮ সালে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে ই-মেলের মাধ্যমে মোদীর দিল্লিতে পাঠানোর গপ্পো!

শেষ কথা

হয়তো এটাই শেষ বিশ্বকাপ।

হয়তো নয়।

কিন্তু একটা বিষয় পরিষ্কার।

এমবাপে ভবিষ্যৎ।

হালান্ড আগামীকাল।

কিন্তু ২০২৬ বিশ্বকাপ এখনও একজন মানুষের গল্প লিখছে।

তাঁর নাম লিওনেল মেসি।

এবং তিনি এখনও সময়কে হারিয়ে খেলছেন।

কার্লোস বিলার্দোই একবার বলেছিলেন, ‘‘ঈশ্বর যদি ফুটবল খেলতেন, তিনি মেসির মতো খেলতেন।”

 

 


 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home