‘ওরা’
কেউ বলছেন, কাশ্মীর এখন আমাদের গাজা। পুরো প্যালেস্তাইন হয়ে গেছে। আর ভারতে রাখা যাবে না। কেউ সুর চড়িয়ে বলছেন, কাশ্মীর আমাদেরই, ওটাকে কেড়ে নিতে দেব না। কিন্তু কেউ জানতে চাইছে না, কাশ্মীরীরা কী চাইছেন। কখনোই সেটা জানতে চাওয়া হয়ওনি। কথা দিয়েও কথা রাখেননি নেহরু। আর ‘মন কী বাত’ শোনানোয় মসগুল মোদীর লোকের কথা শোনার ফুরসৎ কই! তার অ্যাজেন্ডা এগোলেই হলো। এই চাপিয়ে দেওয়ার রাজনীতির যাঁতাকলে পড়ে হাঁফিয়ে উঠেছে কাশ্মীরী আওয়াম। উগ্রপন্থা অথবা বিচ্ছিন্নতাবাদের পক্ষে সওয়াল-জবাব প্রশ্নই ওঠে না। বরং প্রচলিত ভাষ্যের দাপটে চাপা পড়ে থাকা সেই বৈরিতার উৎস-মুখ খুঁজে দেখার প্রয়াসেই এই নিবন্ধ।
চন্দন দে
সপ্তাহ খানেক আগের কথা। বন্ধুর টুইটটা দেখেই শরীরে শিহরণ। একটা গাড়ি পিষে দিচ্ছে এক নিরস্ত্র তরুণকে। নিউজ সার্চে যেতেই জানা গেলো, গাড়িটা আসলে সি আর পি এফ-এর। আর ছেলেটি বছর বাইশের এক কাশ্মীরী তরুণ। ওই গাড়ি পিষেছিল ওর দুই বন্ধুকেও। জখম হলেও ওরা প্রাণে বেঁচে গেছে। স্মৃতি ফুঁড়ে মনে ভেসে উঠলো মাস কয়েক আগের আরেকটা ছবি। সেনা গাড়ির বনেটে বাঁধা আরেক যুবকের মুখ।
কাশ্মীরি সেই বন্ধুর টুইট পেজে ফেরত যেতেই ঠাহর হলো, সেখানে তখন দাপটে আগুন ঝরাচ্ছে ‘বা-নর’ সেনা। দেশদ্রোহীদের একেবারে কচু-কাটা করছে দেশাত্মবোধে উদ্বুদ্ধ (নিন্দুকরা অবশ্য বলেন বেতনভুক) মোদীর ই-ফৌজ। মোদ্দা কথা হলো- ‘ওরা এটারই যোগ্য। পাথর যারা ছোঁড়ে তাঁদের এটাই পরিণতি।’
যে ভারতীয়রা এক তুড়িতে কাশ্মীর সমস্যার সমাধানের দাওয়াই বাতলে দেয় তাদের কাছে মুখে রুমাল বেঁধে প্যারা-মিলিটারিকে পাথর তাক করা ওই সুদর্শন ছোকরাগুলো তো ‘ওরা’ই হবে। বছরের পর বছর যুদ্ধকালীন পরিস্থিতির যন্ত্রণা না থাকা, কিংবা একটিও স্বজন, প্রিয়জন পুলিশ কিংবা মিলিট্যান্টের গুলিতে না হারানো ‘ইন্ডিয়ান’-দের কাছে ‘আজাদি’র স্লোগানধারীরা তো ‘ওরা’ই হবে। কন্ডিশন ঠিকঠাক থাকলে যারা কাশ্মীর বেড়াতে যায় আর গণ্ডগোলের আভাস পেলেই টিকিট ক্যানসেল করে চলে যায় হিমাচল কিংবা উত্তরাঞ্চলে সেই অতি সংবেদনশীল ভারতীয় নাগরিকের কাছে পেলেট বন্দুকের মুখে বুক চিতিয়ে দাঁড়ানো ওই যুবকরা তো ‘ওরা’ই হবে।
কিন্তু কথা হলো সত্যিই কি এমন মৃত্যু কাম্য তরুণ কাশ্মীরিদের? সত্যিই কি এই পরিণতিরই ‘যোগ্য’ কাশ্মীরীরা- মানে ‘ওরা’?
বন্ধুর সেই টুইট হ্যান্ডেলের একটা ‘রিপ্লাই’তে চোখ আটকে যেতে বাধ্য। ‘‘কাশ্মীরীরা এমন ‘মউত’ পাওয়ারই উপযুক্ত’’। পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, এই কিশোর-তরুণরা নাকি নিছক অ্যাডভেঞ্চারের জন্যই পাথর আর বন্দুক তুলে নিচ্ছে হাতে।
ডাল গেটের টহলদার জওয়ানের হাতের রাইফেল ধার নিয়ে পোজ দেন যে ‘অ্যাডভেঞ্চারিস্ট’ ইন্ডিয়ান টুরিস্ট মহিলা, তিনি কীভাবেই বা বুঝবেন কাশ্মীরী মায়ের সন্তান হারানোর ব্যথা। যতই তিনি শালিমার বাগে সনাতনী কাশ্মীরী পোশাকে ‘কাশ্মীর কি কলি’ সেজে ছবি তোলান! নেটওয়ার্কের গোলোযোগে মিনিট পনেরো হোয়াটস অ্যাপ করতে না পারলেই ফোঁস করে ওঠে যে ‘সহনশীল’ ভারতীয়, মাসের পর মাস মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা সেই ‘সহ-নাগরিক’ তো তার মহাবিরক্তিই হবে কাশ্মীরি যুবকদের স্লোগান শুনলে।
কিন্তু আজ যে কাশ্মীরী তরুণ হাতে বন্দুক কিংবা পাথর তুলে নিচ্ছে, এই ‘ওদের’ কেউই হয়তো বাবা-কাকাকে অস্ত্র হাতে দেখেনি। বরং ‘ওরা’ বেড়ে উঠেছে পাথর ছোঁড়া দেখতে দেখতেই। বড় রাস্তা থেকে গলির মুখ, কখনও আবার বাড়ির দোরগোড়া পর্যন্ত ‘ফোর্স’-এর তাড়া খেয়েই বেড়ে উঠেছে ‘ওরা’।
বাপ-চাচার কাছ থেকে ওরা জেনেছে, ভারত সরকারের প্রসাদ-ধন্য কাশ্মীরের তথাকথিত এলিটরা কীভাবে লুঠ করেছে উপত্যকার অর্থ সম্পদ, ভূমি সম্পদ, মানব সম্পদ।
ওই তরুণদের কেউ গত শতাব্দীর আশির দশক দেখেনি, দেখেনি নয়ের দশকও। এরা জানেই না কাশ্মীর ভারতে জুড়ে থাকার মূল ধাগা ৩৭০ ধারা আলগা হতে হতে কখন উপত্যকার টুটি চিপতে বসেছে দানবীয় ‘আফস্পা’। সশস্ত্র বাহিনীর সেই বিশেষ ক্ষমতার দাপটে ওষ্ঠাগত কাশ্মীরিদের কাছে কখন যেন ভারতীয় সেনাবাহিনীটাই হয়ে গেছে দখলদার।
জন্মেই হয়তো ওরা প্রধানমন্ত্রী হিসেবে দেখেছে বাজপেয়ীকে। দেখেছে উপর-নিচের ফারাক, মানে কাশ্মীর আর জম্মু কেমন যেন একটা আলাদা-আলাদা ব্যাপার। কেমন যেন একটা লাইন টানা। বানিহাল টপকে জম্মু শহরে যাওয়ার অনুমতি বাড়ির লোকের থেকেও মিললেও সেখানে গিয়েও নিজেদের কেমন ‘অনাহুত’ মনে হতো।
বাড়িতে বসেই কলকাতা-ফেরত শালওয়ালা চাচার মুখে শুনেছে হিমগিরি এক্সপ্রেসে কীভাবে জি আর পি ব্যাগ থেকে দশ হাজার টাকা কেড়ে নিয়ে শাসিয়েছে, ‘মুখ খুললেই টেররিস্ট ছাপ্পা দিয়ে জেলে পচিয়ে মারবে।’
যেমন আলিগড় থেকে মাঝ পথে পড়াশোনা ছেড়ে চলে আসতে হয়েছে কোনো এক তুতো ভাইকে। ওর কাছেই ‘ওরা’ জেনেছে কীভাবে সহপাঠীরাই ওর গায়ে ‘টেররিস্ট’ তকমা সেঁটে দিয়েছে। এখানেই ‘ওরা’ শুনেছে দিল্লির কাবাব গলিতে গিয়ে বয়সে খানিক বড় এক বোনকে হেনস্তার শিকার হতে হয় কেবল কাশ্মীরী বলেই।
এখানেই ‘ওরা’ দেখেছে, কোনো এক চাচা কোনো কালে উগ্রপন্থায় ঝুঁকেছিল বলে সাও পাওলোয় ফুটবল ট্রেনিংয়ের জন্য সিলেক্ট হলেও ভিসা জোটেনি ছোট ভাই ইকবালের। ঠিক এ কারণেই এম বি এ করার পরও ভারতের অন্য কোথাও চাকরি করার কথা ভাবতেই পারছেন না বছর পঁচিশের তাজামুল ইমরান। দিন দুয়েক আগে মোহালির কাছে জিরাকপুরে রুটিন চেক আপে এসে পাঞ্জাব পুলিশ এক দফা ওকে মারধরের পর বাড়িওয়ালাকে শাসিয়ে গেছে এখনই যেন তাজামুলকে তুলে দেওয়া হয়। আপাতত এক বন্ধুর বাড়িতে জায়গা হলেও তাজামুল মহা ফাঁপড়ে। কারণ সোপিয়ানে ফিরলে বাড়ির লোক আর তাকে ফিরতে দেবেই না।
এভাবেই ‘ওরা’ জেনে ফেলেছে, বাকি ভারত ‘ওদের’ শুধুই ‘আতঙ্কবাদী’ ভাবে। তাই ‘ওরা’ শিখেছে মূল ভারতীয় ভূখণ্ড থেকে যাওয়া পর্যটকদের ‘ইন্ডিয়ান’ বলতে। সীমান্ত পারের লোকও যেমন ‘ওদের’ কাছে পাকিস্তানিই, এখনও।
এমনই এক বৈরি মন আর পরিবেশ নিয়ে বেড়ে উঠতে উঠতে স্কুল থেকে ফিরে ‘ওরা’ দেখেছে পাশের বাড়ির ইমরান ভাইয়ের জানাযা উঠতে। আগের দিনও যাঁর সাথে ‘ওরা’ চুটিয়ে ফুটবল পিটিয়েছে। সেদিন সকালের হাঙ্গামায় বাহিনীর গুলি কেড়ে নিয়েছে বয়সে খানিক বড় সেই প্রতিবেশীর প্রাণ।
কিংবা আরেকদিন হয়তো স্কুলে যাওয়ার পথেই ‘ওরা’ দেখেছে, গলি-ক্রিকেটের ডাকসাইটে ফাস্ট বোলার, পাশের পাড়ার ছয় ফুটিয়া গুলাম মহম্মদ গলির মোড়ে বসে ইট ভাঙছে, সি আর পি এফ-কে ছুঁড়বে বলে। ‘ওরা’ হলো সেই প্রজন্ম যাদের পরনের ফিরহানের নিচ থেকে উঁকি মারে ব্লু ডেনিম। হাতে স্মার্টফোন, ফেসবুক-টউইটারের হাজিরদারি, অবশ্য ‘নেটওয়ার্কের সুবিধা উপলব্ধ’ হলে তবেই।
বাপ-দাদার মতোই ওদের শরীরেরও প্রতিটি লোহিত কণিকায় ‘খাতিরদারি’ খোদাই করা, তবুও ‘ওরা’ ইন্ডিয়ান ফোর্সকে ‘আত্মীয়’ করে নিতে পারেনি। কেননা ‘ওরাই’ দেখেছে মাঝরাতে একদঙ্গল ওই ভারী বুট ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দিচ্ছে। দেখেছে তল্লাশির নামে বাড়াবাড়ি কাকে বলে।
এমনভাবেই বেড়ে ওঠার পথে ‘ওদের’ চারপাশের পরিস্থিতিটাই হয়তো উসকে দিয়েছে ‘ওদের’ ঘুরে দাঁড়ানোর লড়াইটাকে। সাম্প্রতিক বছর কয়েক কাশ্মীর উপত্যকাটা ব্যাপকভাবে বদলে গেছে। নিয়ন্ত্রণ রেখা কিংবা সীমান্ত টপকে আসা বাইরের ‘ভাড়াটে সেনা’ নয়, ভারত নামক রাষ্ট্রের বিরুদ্ধে উপত্যকা তার আওয়াজ তুলতে সামনের সারিতে দাঁড় করিয়েছে তাদের নিজেদের যুব অংশকেই।
কাশ্মীরী তরুণ প্রজন্মের এই অংশ নেওয়ার এই বড় ধরনের পরিবর্তনটা মূলত শুরু হয়েছিল ২০০৮-এ। মাসের পর মাস ধরে চলেছিল সেই সহ-নাগরিকদের ফোঁস করে ওঠা। তার দু’বছর পর নাগরিকদের মৃত্যু নতুন করে আগুনে ঘি ঢেলেছিল। সেই সময়টাও স্থায়ী হয়েছিল বেশ কয়েক মাস। ১২০জনের বেশি নাগরিকের মৃত্যু হয়েছিল। যার বেশিরভাগই কাশ্মীরী যুবক। যাদের মৃত্যু কোনো না কোনো সরকারী বাহিনীর গুলিতে।
২০০৮-এর পর এই দশ বছর ধরে কাশ্মীরে ভারত-বিরোধী, স্বাধীনতা পন্থী বৃত্তান্তটাই বদলে যেতে থেকেছে। যার সামনের সারিতে রয়েছে এখন তরুণরাই। সেই তরুণ যারা রাস্তায় নেমেছে বিক্ষোভকারী হিসেবে, পাথর ছুঁড়তে ছুঁড়তে। সেই তরুণ অংশ যারা উগ্রপন্থী হয়ে গিয়ে হয়তো জঙ্গলে গা-ঢাকা দিয়েছে। কেউ আবার সোসাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যম ধরে ব্যস্ত রয়েছে এই প্রতিরোধের প্রচারকাণ্ডে।
২০১৬-র ৮ই জুলাই বুরহান ওয়ানির মৃত্যু কাশ্মীর উপত্যকাকে এক নতুন মোড়ের সামনে নিয়ে এনে দাঁড় করিয়েছে। পরের ছয় মাসে বিক্ষোভ, পাথর-গুলি-পেলেট শুধুমাত্র ৮০টিরও বেশি নাগরিক জীবনই কেড়ে নেয়নি, উপত্যকায় নতুন করে সশস্ত্র উগ্রপন্থার সূত্রপাত ঘটিয়েছে।
পরের বছরের সরকারী তথ্যে প্রকাশ, বাহিনীর ‘অপারেশন অল-আউটে’ ‘খতম’ হয়েছে ২৭৫-রও বেশি ‘উগ্রপন্থী’। তবুও কাশ্মীরী তরুণ মনকে প্রবল পরাক্রমশালী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে পাথর কিংবা বন্দুক তুলে নিতে ঠেকানো যায়নি।
হিসেব বলছে, এই মুহূর্তে কাশ্মীরে ৭লক্ষেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। শ্রীনগরের সমাজকর্মী মনসুর আনসারির হিসেব বলছে, জম্মু-কাশ্মীরে মাথাপিছু বাহিনী মোতায়েনে ভারতীয় সশস্ত্র বাহিনী গিনেশ বুকে নাম তুলে ফেলেছে। ২০১১-র জনগণনার হিসেব মেলালে ১২০০জনসংখ্যা প্রতি এখানে নিরাপত্তা বাহিনীর ৭০জন মোতায়েন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ৭০ : ১২০০ অনুপাত কখনও আফগানিস্তানেও মোতায়েন মার্কিনী বাহিনীর ছিল না। আনসারির দাবি, বাস্তবে ‘ইন্ডিয়া’ ১২জন কাশ্মীরী নাগরিকের পেছনে ১জন সেনা জওয়ান মোতায়েন করে রেখেছে। যে দিকে তাকাও, যত পাইন, যত দেওদার, যত চিনার- ততই রাইফেল। তাই ‘ওদের’ মনে প্রশ্ন, এত সোলজার কেন? ধীরে ধীরে যে কাশ্মীর ‘ইন্ডিয়াতেই রয়ে যাওয়া’কেই ভবিতব্য মনে করছিল, তাঁরাও প্রশ্ন তুলছেন, আমরা কি সব মিলিট্যান্ট?
সরকারী হিসেব বলছে, এখন কাশ্মীরে কুড়িয়ে-বাড়িয়ে উগ্রপন্থীর সংখ্যা বড়জোর ২০০। তার মানে এই জনা দুশো উগ্রপন্থীকে সামলাতে ভারতকে সেখানে এখন ৭লক্ষ সেনা মোতায়েন করতে হয়েছে। তথ্য বলছে, গত দু’বছর চার মাসে বাহিনীর হাতে মৃত্যু হয়েছে ৪৬০ উগ্রপন্থীর, সঙ্গে ২৩৫জন সাধারণ নাগরিকেরও।
এত কিছু করেও ভারত-বিরোধিতা থেকে ঠেকিয়ে রাখা যায়নি কাশ্মীরি যুবকদের। শুধু এবছরেই অন্তত ৮০জন যুবক সশস্ত্র উগ্রপন্থায় যোগ দিয়েছে। যদিও জনা ৬৫-কে ‘খতম’ করেছে বাহিনী। তারপরই ওই সংখ্যাটা দুশোর মতো দাঁড়িয়েছে। হ্যাঁ, দুশোই। সরকারী হিসেব তাই বলছে।
কাশ্মীরে ভারতীয় বাহিনীর অন্তঃসারশূন্যতা প্রকট হয়েছে গত দু’বছর। যা আগে কখনও ঘটেনি।
উগ্রপন্থীদের বাঁচাতে তরুণরা পথে নেমে পড়ছে, এমনকি নিজেদের প্রাণের বিনিময়ে তারা পাঁচিল তুলে দাঁড়াচ্ছে এনকাউন্টারে যাওয়া বাহিনীর বিরুদ্ধে। তরুণদের সঙ্গে নেমে পড়ছে মা-বোনের দলও। ভারত ও পাকিস্তান উভয়কেই দখলদার মনে করা কাশ্মীরে এ ছবি একেবারেই নতুন।
শুরু থেকেই কাশ্মীরের সন্ত্রাসবাদের একটা স্পষ্ট রাজনৈতিক চরিত্র আছে। কাশ্মীরের উগ্রপন্থী সংগঠনগুলির বড়ো অংশই মনে কাশ্মীরের স্বাধীনতা ভারতের হাতে বন্দী। শুরুর দিকে ‘কাশ্মীরিয়াৎ’ বা স্বতন্ত্র কাশ্মীরি পরিচয়সত্ত্বাকে সামনে রেখে এই ‘আজাদির লড়াই’ চলতো। আই এস আই-র তৎপরতা আর নয়াদিল্লির ঢিলেমির খেলায় ক্রমেই তা চলে গেছে পাকিস্তান নির্ভর সন্ত্রাসবাদের দিকে। সেখানে কাশ্মীরের স্বাধীনতার প্রশ্ন সামনে থাকছে বটে কিন্তু আসলে ভারত-পাক সম্পর্কের বৃহত্তর প্রশ্নের সঙ্গে তা জড়িয়ে গেছে।
দিল্লিতে আজ যারা ক্ষমতায় তারা এই সত্যটাকেই অস্বীকার করে চলেছে। এরা পাকিস্তানের সঙ্গে আলোচান চায় না। বিরুদ্ধ মতের সঙ্গে কথা বলতে তো এদের বড়াই অনাগ্রহ। কাশ্মীর এদের কাছে দেশের অন্য রাজ্যে ভোট জেতার হাতিয়ার। কাংরির আগুন যত ধিকি ধিকি জ্বালিয়ে রাখা যায়, ততই হাতের তালু গরম রাখা যাবে। কারগিলের সংঘর্ষের পরও বাজপেয়ীর আমলে খানিকটা চেষ্টা হয়েছিল। হয়েছিল পরে মনমোহন আমলেও। মোদী এসেই সেই সমস্ত দরজাই বন্ধ করেছেন।
সেই অ্যাডভেঞ্চারের ফল যা হওয়ার তাই হচ্ছে।
কৈশোর ছাড়ানোর আগেই এখন ‘ওরা’ সন্ত্রাসবাদী গোষ্ঠীতে নাম লেখাচ্ছে। ‘হিরো’ হয়ে উঠছে। বয়স কুড়িও ছোঁয়নি ‘ওদের’। কেউ কেউ তো সবে কৈশোরে পা দিয়েছে। সেই বাড়ন্ত কাঁধেই উঠে পড়েছে এ কে সিরিজের ভারী অ্যাসল্ট রাইফেল। নাম লিখিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠীতে। কাশ্মীরের এখনকার বিচ্ছিন্নতাবাদী ঝোঁককে অনেকেই ‘নয়া যুগের উগ্রপন্থা-নিউ এজ মিলিট্যান্সি’ বলে আখ্যা দিচ্ছেন।
যেমন ত্রালের ফৈজান ভাট। পনেরোর পেরিয়ে ষোলোয় ঢোকার আগেই মাস দুয়েকেই উগ্রপন্থী জীবনের সমাপ্তি বাহিনীর এনকাউন্টারে ক্যাজুয়ালটি তালিকায় নাম তুলে। মা-বাবার আর্তি ফিরিয়েই খানিয়ারের আঠারোর তরুণ ফৈদ মুস্তাক ওয়াজাও বন্দুক তুলে নিয়েছে হাতে। সোসাল মিডিয়ায় তার সেই ছবি উপত্যকায় মুহূর্তে ভাইরাল হয়েছে।
নব্বইয়ের অশান্ত সময়ে প্রথমে ওপার থেকে ভাড়াটে উগ্রপন্থীরা এসেছিল। তারপর স্থানীয় যুবকরা নিখোঁজ হতো। সীমান্ত টপকে চলে যেত পাক-অধিকৃত কাশ্মীরে। সেখানের শিবিরেই প্রশিক্ষণ নিত আর ফিরে এসে উপত্যকায় নাশকতায় লেগে থাকতো। তবে নিয়ন্ত্রণটা বরাবরই থেকে যেত ওপারের কমান্ডারের হাতে। আবার এমন বেশ কিছু সংগঠনও ছিল, তালিম নিলেও পাকিস্তান-সংসর্গ ত্যাগ করেই এগোনোর চেষ্টা করতো। ছিল ‘ইখওয়ান ফোর্সের’ মতো আরেকটা অংশও। কাশ্মীরে সরকার-পন্থী এই সরকারী মিলিশিয়াকে ‘নাবেধ’ও বলা হতো। আত্মসমর্পণকারী কাশ্মীরী উগ্রপন্থীদের নিয়ে তৈরি এই ‘ইখওয়ান ফোর্স’কে কাজে লাগিয়ে ভারত সরকার ১৯৯৬-এ ভোট করেছিল। এই বাহিনীকে নিয়ে কাশ্মীর উপত্যকায় বিস্তর অভিযোগও রয়েছে। তার মধ্যে উপত্যকার যুবকদের মূল স্রোতে নিয়ে আসার একের পর এক পুনর্বাসন প্রকল্প মাঠে মারা গেছে।
কাশ্মীরের উগ্রপন্থীরা এই নতুন প্যাটার্নটাই এখন সকলের জন্য নির্মম পরিণতি ডেকে আনছে। এই বদলে হয়তো শুধুমাত্র হাসি ফুটছে উগ্রপন্থী নেতা ও তাদের মদতদাতাদের। আর হয়তো হাসি ফুটছে নাগপুরের দুর্গ-প্রতীম হেড-কোয়ার্টারের মধ্যমণিদের। বছরের পর বছর ধরে অবশিষ্ট ভারতকে কাশ্মীরীদের এই চোখেই দেখতে শেখাতে চেয়েছে ওই বিভেদের শক্তি।
সাত-আট লক্ষ পুলিশ, প্যারামিলিটারি, মিলিটারিই নয়, ইদানিং শুরু হয়েছে ‘অন্য পোশাকে’ আরেক উর্দিধারীর আগ্রাসী অভিযান। হিন্দুত্ব আর হিন্দুত্বের নানা মোড়কে আষ্টেপিষ্টে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে কাশ্মীরকে। ‘বৈষ্ণো ধাবা’ কিংবা ‘পতঞ্জলি’র শৃঙ্খল বাঁধতে নেমেছে কাশ্মীরিয়ৎকে। সোপিয়ানে পাথর পড়লে জম্মুতে চাক্কা বন্ধ। ৭০-৩০ হিন্দু-মুসলিমের জম্মুতে যে গতিতে হনুমান মন্দির, রাম মূর্তি বসছে আর রাস্তার মোড়ে মোড়ে যাত্রার নামে জুলুমবাজি তাতে হয়তো অচিরেই বানিহাল টপকে কাশ্মীরী মা-বাবা আর ছেলেকে জম্মুতে যাওয়ারও অনুমতি দেবেন না।
এ এমন এক বৈরিতা, যা কাঠুয়ার মতো ঘটনা ঘটায়। মুসলিম ধর্মের বাকরওয়াল সম্প্রদায়ের গুটি কয়েক মানুষকে উচ্ছেদ করতে নির্মম ঘটাতে পারে যারা, তারা ‘ইন্ডিয়াকে’ ভুলিয়ে রাখতেই চাইবে এই মেষপালকরা না থাকলে ১৯৯৯-তে ভারতের মুকুটের আরো খানিকটা খাবলে নিতো পাকিস্তান। যদি না সেদিন ওই মেষপালকরাই ইন্ডিয়ান ফোর্সকে খবর দিত টাইগার হিল, বাতালিক সেক্টরের একের পর এক ইন্ডিয়ান বাঙ্কার চলে গেছে দখলদারদের হাতে। হয়তো কাশ্মীরও থাকতো, থাকতো লাদাখও। কিন্তু মানালী ছাড়া লাদাখ যাওয়ার কোনো পথ রইতো না। কেননা শ্রীনগরের দিক থেকে জোজিলা হয়তো চলেই যেত পাক-অধিকৃত কাশ্মীরে। যারা কাশ্মীরী মাত্রেই ‘টেররিস্ট’ ভাবতে অনেক সাচ্ছন্দ্য বোধ করে, তারাও কিন্তু বেমালুম ভুলে মেরে দেয় সেদিন টাইগার হিল পুনর্দখলে ভারতীয় সেনার সাপ্লাই লাইন ছিল এই ধর্মে মুসলিম কাশ্মীরিরাই।
সশস্ত্র উগ্রপন্থা হোক, কিংবা পাথর ছোঁড়া, ভারত বিরোধী ‘আন্দোলন’-এর রাশ এখন ধীরে ধীরে নিজেদের হাতে নিচ্ছে আজকের তরুণ কাশ্মীর। ‘ওরা’ হয়তো চাইছে ন্যায় বিচার। ‘ওরা’ চাইছে মর্যাদা। ‘ওরা’ চাইছে সম্মান। ‘ওরা’ চাইছে স্বাধীনতা। তবে সেগুলি নিজেদের মতো করে, নিজেদের শর্তে, নিজেদের পরিভাষায়। কারো চাপিয়ে দেওয়া শর্তে নয়।
দুম করে টেবিল চাপড়ে কোনো ‘ইন্ডিয়ান’ বলতেই পারেন ‘কাশ্মীর বিলংস টু ইন্ডিয়া...আগেও ছিল, ভবিষ্যতেও তাই থাকবে’। কিন্তু কোথায় যেন ভাবটা এমন নয় যে, কাশ্মীর আমাদের, কাশ্মীরীরা নয়! পারলে সব কটাকে বেয়োনেটের গুঁতো মেরে ওপারে পাঠিয়ে দাও। তারপর নির্ঝঞ্ঝাট ভোগ-দখল কাশ্মীরের মাটি-জল-পাহাড়ের।
মনের অন্ধ গলির দেওয়ালে দেওয়ালে এই নির্লজ্জ গ্রাফিতি কি আপনারা মুছে ফেলতে পারবেন? কাশ্মীর তো চাইছেন, কিন্তু কাশ্মীরের মানুষগুলিকে চাইছেন কি?
পুনঃশ্চ: এক বন্ধুর টুইট দিয়ে এই নিবন্ধের সূচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক টুইট টলিয়ে দিল। শ্রীনগরের লাল চকের অফিসের সামনেই অনেক দিনের এক বন্ধুর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। বরাবরই আমনের জোরালো সওয়ালকারী সাংবাদিক-সম্পাদক সুজাত বুখারির আততায়ী কারা? ‘টেররিস্ট’ নাকি ‘ইখওয়ান ফোর্স’? কাশ্মীরের শান্তির মতোই এই জবাবও অধরা।








