Friday, September 07, 2018

ষড়যন্ত্রী

যারা বোমা বানাচ্ছে, যারা বিরুদ্ধ-মতের মানুষকে খুলে আম খুন করছে, তারাই আবার সাংবাদিক সম্মেলন করে সংবিধান বদলে ফেলার দাবি তুলছে। আর বাড়িয়ে চলেছে নিজেদের সন্ত্রাসী জালের চৌহদ্দি। সেই জাল উন্মোচনেই এই নিবন্ধটি লিখেছেন চন্দন দে

ওঁদের মোটেই প্রধানমন্ত্রীকে মারার ছক ছিল না।
অবশ্য ইনি তখনও ৭নং রেসকোর্সের বাসিন্দা নন। তখনও তাঁর ঠিকানা গান্ধীনগর বদলে নয়াদিল্লি হয়নি। তখনও এই ‘সাদা দাড়ি’ গুজরাটেরই মুখ্যমন্ত্রী। রাজ্যের তৎকালীন সি এম-কে গুজরাট পুলিশ এই কোড নেমেই ডাকতো। আর তাঁর বিশ্বস্ত লেফটেন্যান্টের সাংকেতিক নাম তখন ‘কালো দাড়ি’। সেই ‘সাদা দাড়ি’ সি এম-কেই নাকি নিকেষ করতে আমেদাবাদে এসেছিল মুম্বাই শহরতলীর মুম্বরার বছর উনিশের ইশরাত জাহান।
‘সাদা দাড়ি’র স্নেহধন্য ‘এনকাউন্টার স্পেশালিস্টরা’ ইশরাতকে সেই সুযোগ দেয়নি। এক রাতের এনকাউন্টারে তিন সঙ্গী সহ ইশরাতকে ‘মার গিরায়া’ গুজরাট পুলিশ। নিন্দুকে বলে, সে সময়ের এমন অনেক এনকাউন্টারের মতোই ইশরাত অপারেশনও নাকি ঠাণ্ডা মাথায় মনিটরিং করেছিলেন ওই বিশ্বস্ত ‘কালো দাড়ি’। সেসময় স্বরাষ্ট্র দপ্তরটা যে তাঁরই হাতে ছিল।
এর পরে সি বি আই, সুপ্রিম কোর্ট নিযুক্ত সিট, অনেক কিছু হয়েছে। প্রথম দিকে উঠে আসা ভুয়ো সংঘর্ষের তথ্যপ্রমাণগুলি ধীরে ধীরে আলগা হয়েছে। আর অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়ে গেছেন ওই কোড নেম-ধারীরা। মাঝে অবশ্য অভিযুক্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেই বেশ কয়েক দিন জেলে থাকতে হয়েছে ওদের ‘ইমিডিয়েট বস’ ওই ‘কালো দাড়ি’কে। সন্ত্রাসী হামলার দায় থেকে মুক্ত হয়েছেন ইশরাতও। আদালতের তথ্য প্রমাণে মৃত চারজনের দুজনকে লস্কর সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা হলেও, ইশরাতরা যে আদৌ সেদিন সি এম-কে খুন করতে আমেদাবাদে এসেছিল এমন কিছুই প্রমাণ হয়নি।
গত ১৪বছরে চর্চায় বারে বারেই সামনে এসেছে ওই ‘গুলির লড়াইয়ের’ ভুয়ো হওয়ার তথ্য। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীকে খুনের গোপন তথ্য কে দিয়েছিল, তা নিয়ে। আর সেই ভুয়ো তথ্য যে আদৌ বিশ্বাসযোগ্য ছিল না তারই প্রমাণ মিলেছে বারে বারে।
‘সাদা দাড়ি’র সঙ্গে ‘কালো দাড়ি’ও এখন দিল্লির বাসিন্দা। সেদিনের পুলিশের উপর ছড়ি ঘোরানো লেফটেন্যান্ট এখন কন্ট্রোল করছেন গোটা দলকে। এখন আবার সামনে নিয়ে আসা হচ্ছে ‘প্রধানমন্ত্রীকে খতম করার’ এক ভয়ঙ্কর তত্ত্ব। প্রধানমন্ত্রীকে খুনের একটা বড় ষড়যন্ত্র চলছে বলে ধরপাকড়ও শুরু হলো। দু’দফায় রাতারাতি ধরা হলো বেশ কয়েকজনকে। এই ‘দেশদ্রোহীদের’ কেউ কবি, কেউ সমাজকর্মী, কেউ দলিত নেতা, কেউ বা ছাত্রনেতা। এরা সব নাকি ভীমা কোরেগাঁওয়ে হাজির হয়েছিল প্রধানমন্ত্রীকে খতম করার ছক কষতেই। বিভিন্ন পেশা, বিভিন্ন মতের হলেও এই ‘দেশদ্রোহীদের’ একটা জায়গাতেই বড় মিল- এঁরা সকলেই বর্তমান শাসকের ভয়ানক বিরোধী।


সব অভিযোগই প্রমাণসাপেক্ষ। কিন্তু সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখা, ভারভারা রাও, অরুণ ফেরেরা বা ভারনন গঞ্জালভেস শেষ পর্যন্ত বেকসুর খালাস হবেন, এমনটাই ধরে নেওয়া হয়তো ঠিক হবে না। আদৌ প্রধানমন্ত্রীকে খুনের কোনো ছক হয়েছে কিনা, কিংবা ওঁরা সেই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন কি না অথবা ওঁরা ‘শহুরে মাওবাদী’ কি না, সে প্রশ্নও তদন্তসাপেক্ষ।
কিন্তু যে দ্রুততার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে দল পাঠিয়ে পাঁচ সমাজকর্মীকে গ্রেপ্তার করলো পুণের পুলিশ, অথবা যে কায়দায় আরও রাঁচি বা গোয়ায় শিক্ষাবিদ, সমাজকর্মীদের বাড়িতে  বাড়িতে খানাতল্লাশি চললো, তা কি শুধুই ‘তদন্তের স্বার্থে’? না কি আরো গভীর কোনো উদ্দেশ্য? তবে তাড়াহুড়োয় কেসগুলি ভালো করে সাজিয়ে ওঠা হয়নি। তবে অতি নড়বড়ে এক চিত্রনাট্য নিয়ে হাজির হওয়ায় এখন মুখ পুড়ছে।
গ্রেপ্তারির ধরন দেখে অনেকেই বলছেন, এ তো অঘোষিত জরুরী অবস্থা।
বিরুদ্ধতা হলো গণতন্ত্রের সেফটি ভালভ। ধরপাকড়ে উষ্মা প্রকাশ করে বলেছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু আদালত তো আর শাসক নয়। শাসক কেন তার বিরুদ্ধাচারণ বরদাস্ত করবে! তাই মানবাধিকার নিয়ে মুখ খুলতে গেলেই পড়তে হচ্ছে শাসকের রোষের মুখে। ঠিক যেমন ‘পরিণতি’ হয়েছে গোবিন্দ পানসারে, গৌরী লঙ্কেশ কিংবা কালবুর্গি, দাভোলকরের। যাঁরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, তাঁদের প্রত্যেকের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে।
এটাই এখনকার দস্তুর। নির্মিত এক মিথ্যা দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে। মিডিয়ার বড় অংশকে নিজের মোসাহেব বানিয়ে শাসক এখন সাধারণ মানুষের বাকস্বাধীনতাই কেড়ে নিতে চাইছে। যে সব কবি-অধ্যাপক-আইনজীবী-ট্রেড ইউনিয়ন নেতা-সমাজকর্মী মানুষের অধিকারের কথা বলবে তাঁদের বেছে বেছে গ্রেপ্তার করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দমানো না গেলে গুপ্ত বাহিনীকে দিয়ে গৌরী লঙ্কেশদের পরিণতিতে পৌঁছে দিতে হবে।
তাই দেশের সম্পদ চুরি করে ঘনিষ্ঠ হীরে কারবারি কিংবা দলীয় সাংসদ মদের কারবারি বিদেশে পালিয়ে যাওয়া যাবে। শাসকের হাত মাথায় আছে যে! গোরু বাঁচানোর নাম করে নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেললেও জেল টেল হবে না। বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো যাবে। এমনকি কিছুদিনের জন্য জেলের রুটি চিবোতে হলেও প্রশাসনিক কলকাঠি নাড়ানোর সাথে সাথেই তাদের ছাড়ানোর জন্য কখনও কখনও মিছিলও বেরিয়ে পড়তে পারে। সেই ‘জনসমর্থনকেই’ পুঁজি করে তাই এরা আওয়াজ তুলছে সংবিধান বদলে ফেলার। এই যেমন সনাতন সংস্থা নামের এক সংগঠন।
সম্প্রতি মহারাষ্ট্রের নানান জায়গা থেকে ওদেরই মজুত করা অস্ত্র, গোলা-বারুদ উদ্ধার হয়েছে। মিলেছে ২০টি দেশি বোমা ও ১৬ টি দেশি পিস্তল। ধরাও পড়েছে বেশ কয়েকজন। বেশ কিছু খুন ছাড়াও বিস্ফোরণেও তাদের যোগসাজশের তথ্যপ্রমাণ মিলছে। সন্দেহ করা হচ্ছে, ২০১৩ সাল থেকে বিভিন্ন খুনে এই বন্দুকগুলিই ব্যবহার করা হয়েছে। চার যুক্তিবাদী, বিশিষ্ট বুদ্ধিজীবী খুনের ঘটনাগুলি একটা আরেকটার সঙ্গে যুক্ত।
কর্ণাটকের বিশেষ তদন্ত দলের একটি সূত্র জানিয়েছে, গৌরী লঙ্কেশ হত্যার পর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সে সংগ্রহ করে লুকিয়ে রেখেছিল বলে জেরায় জানিয়েছে ধৃত গোন্ডালেকর। সি বি আই আধিকারিকরা আশাবাদী, যে দাভোলকর হত্যার পাঁচ বছর পর অবশেষে তাঁরা খুনে ব্যবহৃত অস্ত্রের হদিশ পেয়েছেন।
স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহল থেকে এমন এক ভয়ঙ্কর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। সি পি আই (এম) এই দাবিতে সোচ্চার হয়েছে।
দাবি উঠলেও কিছু যায় আসে না, বরং বহাল তবিয়তেই রয়েছে সেই সংগঠন ও তার লোকজন। শুধু কী তাই, যে মহারাষ্ট্র পুলিশ ‘ইমার্জন্সি স্টাইলে’ ধরপাকড় করলো দেশজুড়ে, তাদেরই সদর দপ্তরের পাশে বসে এমন এক অভিযুক্ত সংগঠনের লোকজন সাংবাদিক সম্মেলন করে সওয়াল করছে, সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটিই বাদ দিতে হবে। হিন্দুত্ববাদীদের বহু পুরানো সেই দাবি তুলে তাঁর বক্তব্য, এর ফলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সনাতন সংস্থার সদর দপ্তর গোয়ায়। আর তারা মহারাষ্ট্র, কর্ণাটক ও গোয়াতেই সক্রিয়। এটাই হলো হিন্দুত্ব সন্ত্রাসবাদী গোষ্ঠীর সন্ত্রাসের জাল।
মূল চক্রান্তকারী ধরা পড়া ছাড়াও যথেষ্ট তথ্যসূত্র সহ দাভোলকর, লঙ্কেশ সহ চার বুদ্ধিজীবী খুনের পেছনে অভিযোগের সমস্ত তির সনাতন সংস্থার দিকে উঠলেও মহারাষ্ট্র বা গোয়া সরকার এই সন্ত্রাসবাদী সংগঠনের ভূমিকা নিয়ে কোনও তদন্তই করেনি। শেষ পর্যন্ত কর্ণাটক পুলিশের ইনপুট পেয়ে মহারাষ্ট্র পুলিশের এটিএস খানিক নড়েছে। সেই সন্ত্রাস দমন শাখা (এটিএস) আদালতে কী বলছে, সেটাই একবার শুনে নেওয়া যাক। এই তো গত মঙ্গলবারও এ টি এস আদালতে জানিয়েছে, ২০১৭সালের ডিসেম্বরে পুনেতে ‘সানবার্ন’ সঙ্গীত উৎসবে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল মহারাষ্ট্রে বিপুল বিস্ফোরকসহ ধরা পড়া সনাতন সংস্থার ওই কর্মীরা। কারণ, তাদের মতে এই উৎসব ‘হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে’। এ টি এস আদালতে জানিয়েছে, থানের কল্যাণে কর্ণাটকের বেলাগাভিতে ‘পদ্মাবত’ ছবির প্রদর্শনের বিরোধিতা করে হলের বাইরে পেট্রোল বোমা ছোঁড়ে এরাই। পাশাপাশি বেশ কয়েকজন মারাঠী লেখক, নাট্যকার, এক সংবাদপত্রের সম্পাদক এবং মহারাষ্ট্রের সংরক্ষণ আন্দোলনের এক নেতার উপর হামলারও পরিকল্পনা ছিল ওদের। এ টি এস প্রধান অতুলচন্দ্র কুলকার্ণি একটি ইংরাজি দৈনিককে বলেছেন, নামগুলি বলা যাবে না কারণ তাঁদের নিরাপত্তার প্রশ্ন জড়িত। তবে এ টি এস সূত্রে তিন-চারটি নাম প্রকাশ্যে এসে গেছে। মারাঠী লেখক নাট্যকার রাজন খান, গণেশ বিসপুটে এবং প্রবীণ বান্দেকর ছাড়াও একটি মারাঠী সংবাদপত্রের সম্পাদক কুমার কেতকারের নামও রয়েছে সেই তালিকায়। বি জে পি-শিবসেনা এবং নরেন্দ্র মোদীর তীব্র বিরোধী কেতকার বর্তমানে রাজ্যসভার কংগ্রেস সাংসদ। মানে সেই কালবুর্গি-দাভোলকরদের পরিণতি।
আসলে হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী জাল অনেক দিন ধরেই দেশের একটা বড় অংশে বিছিয়ে রয়েছে। এক দশক আগে মালেগাঁও, মক্কা মসজিদ বিস্ফোরণের তদন্তের সূত্রেই এই হিন্দুত্ব সন্ত্রাসবাদের জাল সামনে এসেছিল। ২৬/১১ মুম্বাই হামলায় প্রাণ খোয়ানো মুম্বাই এ টি এসের প্রধান হেমন্ত কারকারে মালেগাঁও বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে প্রথম হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদের কথা ফাঁস করলেন। তারপর একের পর এক তদন্তে সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ, হায়দরাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণ, আজমেঢ় বিস্ফোরণসহ বিভিন্ন সন্ত্রাসবাদী নাশকতায় হিন্দুত্ববাদী সংগঠনের যোগসাজশ সামনে আসে। সেখানেই নাম এসেছিল অভিনব ভারত নামে সংগঠনের কথা। ধরা পড়ে একের পর এক হিন্দুত্ববাদী নেতা। আর এস এস নেতা থেকে সঙ্ঘের সহযোগী বিভিন্ন সংগঠনের নাম জড়ায়। কিন্তু কেন্দ্রে মোদী ক্ষমতায় আসার পরই জাতীয় তদন্ত সংস্থা (নিয়া)-র মাধ্যমে মালেগাঁও, আজমেঢ় শরিফ ও অন্যান্য মামলায় অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে দমিয়ে রাখা হয়েছে।
জেলে বেশ কিছুদিন কাটিয়ে সে সময়ের অভিনব ভারতীর অসীমানন্দ, প্রজ্ঞা সিং ঠাকুর কিংবা শ্রীকান্ত পুরোহিতরা এখন মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। পুনের অভিনব ভারতীর পথ ধরেই এখন জাল বিছোনোর কাজ করে চলেছে সনাতন সংস্থা। এই সময়েই থানে বিস্ফোরণে নাম জড়ায় সনাতন সংস্থার। এরপর গোয়ার মাড়গাঁও বিস্ফোরণেও নাম জড়ায় তাদের।
উগ্র হিন্দুত্ব সন্ত্রাসের এই জাল অনেক দূর বিস্তৃত। গত এক বছর ধরে গৌরী লঙ্কেশের খুনের তদন্তে নেমে কর্ণাটক পুলিশের এটিএস সেই জালের অনেকটাই উন্মোচন করেছে। নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি, গৌরী লঙ্কেশ- চারটি হত্যাকাণ্ডকে একটি গভীর ব্যাপক ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছেন তদন্তকারীরা। সবকটি খুনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। এটা একটা বড় সন্ত্রাসবাদী মডিউলের অংশ। নরেন্দ্র দাভোলকর খুন হয়েছেন পুনেতে, ২০১৩-র ২০শে আগস্ট। বামপন্থী চিন্তাবিদ গোবিন্দ পানসারে খুন হন মহারাষ্ট্রের কোলাপুরে ২০১৫-র ১৬ই ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০শে আগস্ট কন্নড় শিক্ষাবিদ এম এম কালবুর্গি খুন হন ধারওয়াড়ে। আর বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর বাড়ির সামনেই গুলি করে মারা হয় ২০১৭-র ৫ই সেপ্টেম্বর। সাম্প্রতিক বেশ কয়েকটি গ্রেপ্তারির পর বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য।
লঙ্কেশ খুনের মামলায় এখনও পর্যন্ত ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই সনাতন সংস্থা ও তার সহযোগী হিন্দু জনজাগৃতি সমিতি ও সংশ্লিষ্ট হিন্দুত্ব সংগঠনের সঙ্গে যুক্ত। অন্যতম মূল অভিযুক্ত অমল কালের গ্রেপ্তারের পর পাওয়া তথ্য যাচাই করে মহারাষ্ট্রে এই সন্ত্রাসের জাল উন্মোচিত হয়েছে। এই কালেই পুনেতে হিন্দু জনজাগৃতি সমিতির আহ্বায়ক। মহারাষ্ট্র এ টি এস বৈভব রাউত, সুধন্য গোন্ডালেকের ও শারদ কাসালকার নামে তিনজনকে ধরেছিল। এদের সম্পর্কে তদন্তের সূত্রেই কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল এই সূত্রগুলি পেয়েছে। দেশি বোমা ছাড়াও বিস্ফোরক সহ বোমা বানানোর সরঞ্জাম পাওয়া গিয়েছিল রাউতের বাড়িতে তল্লাশি করে। বকরি-ঈদের সময় মহারাষ্ট্রের পাঁচ শহরে বিস্ফোরণ পরিকল্পনা করেছিল এই গোষ্ঠী। কাসালকারকে জেরা করেই ধরা হয়েছে শচীন আন্দুরেকে। দাভোলকরকে যে দুজন গুলি করেছিল তাদেরই একজন এই শচীন। তার পর পরই আবার পাওয়া গেছে খুনে ব্যবহৃত পিস্তলের মতোই একটা পিস্তল। খতিয়ে দেখা হচ্ছে দাভোলকারকে সেটা দিয়েই গুলি করা হয়েছিল কিনা।
এবছরের ২০শে মে কর্নাটকের বিশেষ তদন্ত দল গ্রেপ্তার করে অমিত ডেগওয়েকারকে। তার সঙ্গেই গ্রেপ্তার করা হয় পুনে হিন্দু জনজাগৃতি সমিতির প্রাক্তন আহ্বায়ক অমোল কালে এবং হিন্দু জনজাগৃতি সমিতির মনোহর এডাভেকে। এই অমোল কালেই গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রী বলে সিট-এর দাবি। তদন্তে জানা গেছে, ডেগওয়েকার অমোল কালে পরিচালিত একটি গোষ্ঠীর অন্যতম সদস্য ছিল। এই গোষ্ঠীটি ২০১২ সাল থেকে খুন ও অন্তর্ঘাতমূলক কাজ চালিয়ে গেছে বলে অভিযোগ। এ কাজে ব্যবহার করা হত সনাতন সংস্থা ও হিন্দু জনজাগৃতি সমিতির লোককে।
পুনের বাসিন্দা অমোল কালের এক ডায়েরির সূত্রেই তদন্তকারীদের হাতে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য এসে পৌঁছায়। অমোল কালে, হিন্দু জনজাগৃতি সমিতির প্রাক্তন আহ্বায়ক। ২০১৭-র সেপ্টেম্বরে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত সে। সেই ডায়েরিতে সাংকেতিক ভাষায় লেখা বিভিন্ন এন্ট্রি ও সংখ্যা থেকে গোয়েন্দারা নরেন্দ্র দাভোলকর হত্যার বেশ কিছু তথ্য পান। এবং এই তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা একটি সন্ত্রাসবাদী মডিউলের হদিশ পেয়েছেন।
সনাতন সংস্থা তৈরি হয়েছিল ১৯৯৯ সালে। জয়ন্ত আথওয়ালে নামের এক ‘যোগগুরু’ হিন্দু ধর্মের প্রচারের জন্য এই সংগঠন বানিয়েছিলেন। সনাতন সংস্থার শাখা হিন্দু জনজাগৃতি সমিতি তৈরি হয় ২০০২ সালে। আর এস এস-এর মতো এই সংগঠনেরও উদ্দেশ্য ভারতে ‘হিন্দু রাষ্ট্র’ স্থাপন। এ সংগঠনেরও প্রধান সেই জয়ন্ত আথওয়ালে । মহারাষ্ট্র থেকে যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সকলেই ভিন্ন ভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হলেও, তাদের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে দেখা যাচ্ছে যে তারা সনাতন সংস্থা ও হিন্দু জনজাগৃতি সমিতির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছে। যেমন, ধৃত বৈভব রাউত গোয়ায় সনাতন সংস্থার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং সনাতন সংস্থার নালাসোপারা অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে সমস্ত রকম সহায়তা করেছে তার স্থানীয় গো রক্ষক সংগঠন।
গৌরী লঙ্কেশ খুনে সুধন্য গোন্ডালেকরের ভূমিকা খতিয়ে দেখছে কর্নাটক এটিএস। হিন্দু জনজাগৃতি সমিতির ওয়েবসাইটে সুধন্যর ছবি রয়েছে। কালাসকর এবং আন্দুরের ফেসবুক প্রোফাইল থেকে দেখা যাচ্ছে এরা হিন্দু জনজাগৃতি সমিতির সঙ্গে যুক্ত ছিল এবং দুজনেই তাওড়েকে চিনত। এই তথ্যগুলি জড়ো করলে শুধু হিন্দু জনজাগৃতি সমিতি নয়, সন্দেহের তির সনাতন সংস্থার দিকেই।
যদিও সনাতন সংস্থা এবং হিন্দু জনজাগৃতি সমিতি এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে। ধরা পড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে যোগসাজশের কথা অস্বীকার করা চলছে। তাদের ওয়েবসাইট থেকেও যোগাযোগের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হয়েছে। ঠিক যেমন অমোল কালে। গ্রেপ্তার হওয়ার পরই সমিতির মুখপাত্র রমেশ শিণ্ডে দাবি করেন, গত ১০ বছর ধরে কালের সঙ্গে সমিতির কোনও যোগাযোগ নেই। ২০০৮ সালেই নাকি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সে সমিতি ছেড়ে দিয়েছে। তবে কর্নাটক সিটের দাবি, অমোল কালের পরিবার পুনেতে সনাতন সংস্থা ও হিন্দু জনজাগৃতি সমিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার সন্তানকে সংস্থার পক্ষ থেকে ‘জন্মাবধি উচ্চ আধ্যাত্মিকক্ষমতা সম্পন্ন’ বলে বর্ণনা করা হয়েছে। ২০১৭ সালে গোন্ডালেকরের সন্তানদেরও ‘উচ্চ আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন’ বলে বর্ণনা করা হয় সংস্থার পক্ষ থেকে।
এখন যা পরিস্থিতি, তাতে চারটি হত্যাকাণ্ড অনেকটাই ঝুলছে একটি ফরেনসিক পরীক্ষার উপরে। ফরেনসিক ল্যাবরেটরি যদি জানায় দাভোলকরকে খুনে ঔরঙ্গাবাদে আন্দুরের আত্মীয়ের বাড়ি থেকে পাওয়া অস্ত্রই ব্যবহার করা হয়েছে, তাহলে সি বি আই এই মামলায় বড়সড় সাফল্য পাবে।

পুলিশের দাবি, চারটি হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্রের প্রায় সমস্ত টুকরোগুলোই তারা জড়ো করতে পেরেছে। এখন দেখার, সেই টুকরোগুলি জুড়ে আদৌ তারা শেষ পর্যন্ত একটা জোরদার কেস তৈরি করতে পারে কি না। নাকি অসীমানন্দ, প্রজ্ঞা ঠাকুরদের মতোই একে একে জেল থেকে বেরিয়ে আসবে শচীন আন্দুরে, কালাসকররাও।